এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম
জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, তাদের আট দলীয় জোটে দুটি নতুন দল যুক্ত হয়েছে। যুক্ত হওয়া দল দুটি হলো কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আট দলীয় জোটের সংবাদ সম্মেলনে তিনি বলেন, “কিছুক্ষণ আগে এনসিপির সঙ্গে আমাদের বৈঠক শেষ হয়েছে। তারা এখানে আসার সময় পায়নি, তবে আজ রাতে নিজেদের বৈঠকের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত জানাবেন।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “এটি একটি মজবুত নির্বাচনী সমঝোতা। সারা দেশের ৩০০ আসন আলাপ-আলোচনার মাধ্যমে ভাগ করা হয়েছে। দুটি দল শেষ মুহূর্তে আমাদের সঙ্গে মিলিত হয়েছে। আরও কিছু দল আগ্রহী ছিল, তবে এই মুহূর্তে তাদের সম্পৃক্ত করা সম্ভব হয়নি। ভবিষ্যতে জাতীয় জীবনে তাদের সঙ্গে কাজ করব।”
তিনি জানান, আসন সমঝোতা প্রায় চূড়ান্ত, এবং ছোটখাটো বিষয়গুলো নমিনেশন ফরম জমা দেওয়ার পর আলোচনা করে সমাধান করা হবে। সংবাদ সম্মেলনে জামায়াতসহ আট দলের শীর্ষ নেতাদের পাশাপাশি অলি আহমেদও উপস্থিত ছিলেন।