খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা মুক্তি পাবে না: নজরুল ইসলাম খান
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা কখনোই মুক্তি পাবেন না। তিনি দাবি করেন, বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তাকে প্রাণ হারাতে হয়।
বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজার আগে তার সংক্ষিপ্ত জীবনী পাঠকালে এসব কথা বলেন নজরুল ইসলাম খান।
তিনি বলেন, ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে দীর্ঘ সময় মিথ্যা মামলায় কারাবন্দি ছিলেন বেগম খালেদা জিয়া। কারাগারে থাকা অবস্থায় পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। নজরুল ইসলাম খান বলেন, “সমগ্র জাতি সাক্ষী—হেঁটে কারাগারে প্রবেশ করেছিলেন খালেদা জিয়া, কিন্তু বের হয়েছিলেন মারাত্মক অসুস্থ অবস্থায়।”
তিনি আরও বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শ সত্ত্বেও পরবর্তী চার বছর গৃহবন্দি অবস্থায় তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। এর ফলে তার শারীরিক অবস্থা আরও অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয় বলে মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়ার রাজনৈতিক জীবন তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, ব্যক্তিগত জনপ্রিয়তা, সাংগঠনিক শক্তি এবং দেশের স্বার্থে আপসহীন অবস্থানের কারণেই রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়। ফলে তাকে ব্যক্তিগত শত্রুতে পরিণত করা হয়। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা, হুসেইন মুহাম্মদ এরশাদ এমনকি এক-এগারো সরকারের সময়েও খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়েছিল।
তিনি আরও বলেন, প্রতিহিংসার রাজনীতির অংশ হিসেবে তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবন থেকে উৎখাত করা হয় এবং মিথ্যা মামলায় দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়। তবুও তিনি আধিপত্যবাদী রাজনীতির সঙ্গে কখনো আপস করেননি। মতপ্রকাশের স্বাধীনতা ও ভোটাধিকারের প্রশ্নে তিনি আজীবন আপসহীন ছিলেন।
নজরুল ইসলাম খান বলেন, আজ বেগম খালেদা জিয়া সব অভিযোগ থেকে মুক্ত হয়ে লাখো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত। আর যারা তাকে কারাবন্দি ও গৃহহীন করেছিল, তারা আজ পলাতক। ইতিহাস সাক্ষী—স্বৈরাচারীরা শেষ পর্যন্ত জনগণের আদালতেই পরাজিত হয়।
তিনি বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত খালেদা জিয়াকে আপসে বাধ্য করা যায়নি। তিনি বিশ্বাস করতেন, বিদেশে বাংলাদেশের বন্ধু আছে, প্রভু নেই। জনগণের ভালোবাসা ও সমর্থনেই তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।