‘একটু সরে দাঁড়াতে’ বলায় পুলিশকে পিটুনি, সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১১:০৪ পিএম
নেত্রকোনার মদনে দুই পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) নেত্রকোনা জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মদন পৌরসভার সরকারি কলেজ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে আহত হন দুই কনস্টেবল ফরিদুল ইসলাম ও আতাউর রহমান, যারা মদন থানায় কর্মরত।
অভিযুক্ত মিঠু মিয়া মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি এবং মদন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সৈয়দ রঞ্জু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মদন সরকারি কলেজ মোড় এলাকায় চট্টগ্রামগামী বাসে যাত্রী হয়রানির অভিযোগ ওঠে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় যাত্রীরা অভিযোগ করলে সেখানে উপস্থিত হন ছাত্রদল নেতা মিঠু মিয়া।
পরে পুলিশ তাকে একটু সরে দাঁড়াতে বললে তার সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হন। আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মিঠু মিয়াকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, যাত্রীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গেলে ওই যুবকের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। পরে হামলার ঘটনায় তাকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।