তারেক রহমানের বিরুদ্ধে থাকা ৭৭ মামলাই খালাস বা খারিজ

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৮:২১ পিএম

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের করা মোট ৭৭টি মামলার সবকটিতেই তিনি আদালত থেকে খালাস পেয়েছেন অথবা মামলাগুলো খারিজ হয়েছে। তার জানামতে বর্তমানে তার বিরুদ্ধে কোনো কার্যকর মামলা নেই।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে দাখিল করা হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন তারেক রহমান। দীর্ঘ প্রায় দেড় দশক বিদেশে অবস্থানরত এই নেতার হলফনামা থেকে তার মামলার অবস্থা ও সম্পদের বিস্তারিত চিত্র পাওয়া গেছে।

হলফনামা অনুযায়ী, তারেক রহমানের অস্থাবর সম্পদের বড় অংশই শেয়ার ও ব্যাংক আমানত। তার নগদ অর্থ ও ব্যাংক জমা রয়েছে মোট ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা। শেয়ার, বন্ড ও সঞ্চয়পত্রে বিনিয়োগ রয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৩৫৪ টাকা। এছাড়া বিভিন্ন তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানিতে ৪৫ লাখ টাকা এবং আরও ১৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার থাকার তথ্য দিয়েছেন তিনি।

এফডিআর হিসেবে দেখানো হয়েছে ৯০ লাখ ২৪ হাজার ৩০৭ টাকা এবং অন্যান্য আমানত হিসেবে রয়েছে ১ লাখ টাকা। স্বর্ণ ও মূল্যবান ধাতুর গহনার মূল্য দেখানো হয়েছে ২ হাজার ৯৫০ টাকা এবং আসবাবপত্রের মূল্য ১ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।

স্থাবর সম্পদের হিসাবে তারেক রহমান কৃষি ও অকৃষি জমি এবং আবাসিক ভবনের তথ্য দিয়েছেন। অকৃষি জমির মধ্যে রয়েছে ২.১ একর ও ১.৪ শতাংশ জমি, যার অর্জনকালীন মূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা। এছাড়া ২.৯ শতাংশ জমির ওপর একটি আবাসিক বা বাণিজ্যিক ভবন রয়েছে, যা উপহার হিসেবে পাওয়ায় এর আর্থিক মূল্য অজানা বলে উল্লেখ করা হয়েছে।

হলফনামায় আরও বলা হয়, তার স্ত্রীর সঙ্গে যৌথ মালিকানায় ১১১.২৫ শতাংশ জমি এবং ৮০০ বর্গফুটের একটি দোতলা ভবন রয়েছে, যেগুলোর মূল্যও অজানা হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495