হলফনামায় ২৫ ভরি গহনার দাম ৪০ হাজার টাকা দেখালেন বিএনপি প্রার্থী
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৯:৫৪ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–২ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম তার নির্বাচনী হলফনামায় সম্পদের বিবরণে ২৫ ভরি গহনার ক্রয়কালীন মূল্য মাত্র ৪০ হাজার টাকা উল্লেখ করেছেন। একইসঙ্গে তার স্ত্রীর নামে থাকা ২০ ভরি স্বর্ণালঙ্কারের মূল্য দেখানো হয়েছে ৪৫ হাজার টাকা।
নির্বাচনে অংশ নিতে জমা দেওয়া হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে। হলফনামায় তিনি উল্লেখ করেন, এসব গহনা দান, উপহার ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত।
হলফনামার তথ্য অনুযায়ী, মীর শাহে আলমের কাছে নগদ অর্থ রয়েছে ৩ কোটি ২০ লাখ ৭৭ হাজার ৯৪৫ টাকা। অন্যদিকে তার স্ত্রীর নামে নগদ রয়েছে ৭ লাখ ৮৫ হাজার ৭৭৮ টাকা।
আসবাবপত্রের তালিকায় রয়েছে চারটি খাট, তিনটি সোফা, চারটি আলমিরা, তিনটি টেবিল, একটি ড্রেসিং টেবিল, একটি ফাইল কেবিনেট ও ২০টি চেয়ার। এসব আসবাবপত্রের ক্রয়কালীন মূল্য হলফনামায় দেখানো হয়েছে ৭০ হাজার টাকা।
স্থাবর সম্পদের মধ্যে রাজধানীর তেজগাঁওয়ের ৪/বি এলাকায় ৯০০ বর্গফুট আয়তনের একটি জমির কথা উল্লেখ করা হয়েছে, যার ক্রয়কালীন মূল্য ২৬ লাখ ৩৪ হাজার ২৪০ টাকা। এছাড়া বগুড়া শহরের বিআরটিসি মার্কেটে ১৪৪ বর্গফুটের একটি দোকান রয়েছে, যার মূল্য দেখানো হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা।
এছাড়া ঢাকার মিরপুর হাউজিং লিমিটেড এলাকায় ১১৫০ ও ১৪৫০ বর্গফুট আয়তনের দুটি ফ্ল্যাট রয়েছে, যার মোট ক্রয়মূল্য দেখানো হয়েছে ৫৭ লাখ ৬৪ হাজার টাকা। অন্যদিকে হলফনামায় উল্লেখ করা হয়েছে, জেলা বিএনপির এই নেতার নামে প্রায় ১৪ কোটি টাকার ঋণ রয়েছে।