গুপ্ত রাজনীতির সুফল এখন ভোগ করছে একটি ছাত্র সংগঠন: নজরুল ইসলাম
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ পিএম
আওয়ামী লীগ সরকারের সময়ে গুপ্ত রাজনীতি করার সুফল এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি ছাত্র সংগঠন ভোগ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, দীর্ঘ সময় ধরে বিএনপির ছাত্র সংগঠন ক্যাম্পাসে প্রবেশের সুযোগ পায়নি। অথচ যারা বর্তমানে ছাত্র সংসদে নির্বাচিত হয়েছেন, তারা গোপনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তিনি বলেন, “আমরা গুপ্ত রাজনীতিকে সমর্থন করি না। আগের সরকারের সময়ে একটি ছাত্র সংগঠন গোপনে রাজনীতি করেছে এবং এখন সেই সুফল তারা নির্বাচনের মাধ্যমে ভোগ করছে।”
তিনি আরও বলেন, দেশে যখন স্থিতিশীল পরিবেশ ফিরে আসবে, তখন ছাত্র-ছাত্রীরা সবকিছু বিবেচনা করেই তাদের সিদ্ধান্ত নেবে।
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন তিনি। সেই সংগ্রাম ও আদর্শ নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। তিনি বলেন, খালেদা জিয়া যে রাজনৈতিক আদর্শ রেখে গেছেন, তা বিএনপির জন্য অনুপ্রেরণা। তারেক রহমান তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই রাজনীতিতে এগিয়ে যাবেন।
গণতন্ত্রে উত্তরণে বাধা প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ভালো কাজে বাধা থাকবেই। যারা দেশের কল্যাণে কাজ করতে চায়, তাদের শত্রুও তৈরি হয়।
নির্বাচন পরিচালনা ও ইশতেহার বিষয়ে তিনি বলেন, নির্বাচন পরিচালনা কমিটি এসব বিষয় দেখছে। দলের সিদ্ধান্তের বাইরে যারা প্রার্থী হয়েছেন, তাদের বিষয়ে দল যথাযথ সিদ্ধান্ত নেবে। এখনো প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়নি বলে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে সংশ্লিষ্টরা মনোনয়ন প্রত্যাহার করবেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে স্বাভাবিক আইনশৃঙ্খলা অত্যন্ত জরুরি। এ বিষয়ে সরকারকে বারবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তিনি বলেন, যারা নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা নানা ধরনের অপতৎপরতা চালানোর চেষ্টা করবেই।