আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না: তারেক রহমান

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমাদের সমস্যা ছিল, এখনও আছে। তবে কোনোভাবেই আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না।’ তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালিত করবে।

শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকার বনানীর শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে বিএনপির আয়োজনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘আমার অবস্থান থেকে যদি চিন্তা করি, আমার এক পাশে রয়েছে ১৯৮১ সালের একটি জানাজা, একই সঙ্গে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের একটি জানাজা এবং আরেক পাশে রয়েছে ২০২৪ সালের ৫ আগস্টের একটি ঘটনা। এসব বাস্তবতা আমাদের শেখায় যে, ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যাওয়ার কোনো কারণ নেই।’

তিনি আরও বলেন, এ উপলব্ধি শুধু তার একার নয়; বিএনপির নেতাকর্মী ও সমগ্র জাতির জন্যই এই ঘটনাগুলো বড় শিক্ষা। তিনি উল্লেখ করেন, হিংসা, প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতির পরিণতি কী হতে পারে, তা ৫ আগস্টের ঘটনাতেই স্পষ্ট হয়ে উঠেছে।

বিএনপি চেয়ারম্যান বলেন, দলমত নির্বিশেষে সবার মধ্যেই মতপার্থক্য থাকতে পারে। তবে সেই মতপার্থক্য আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা গেলে অনেক সমস্যারই সমাধান সম্ভব। তিনি আহ্বান জানান, কোনো অবস্থাতেই যেন মতপার্থক্য মতবিভেদে রূপ না নেয় এবং জাতি বিভক্ত না হয়।

তারেক রহমান আরও বলেন, জাতি বিভক্ত হলে তার ভয়াবহ পরিণতি কী হতে পারে, তা সবাই দেখেছে। বর্তমানে অনেকের মধ্যে হতাশা থাকলেও ভবিষ্যৎ নিয়ে মানুষের চিন্তা ও পরিকল্পনা রয়েছে, যা আশাব্যঞ্জক বলেও মন্তব্য করেন তিনি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495