চাঁদাবাজি ইস্যুতে মন্ত্রীর বক্তব্যের নিন্দা জামায়াতের
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৩ পিএম
সড়কপরিবহন, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম–এর ‘সমঝোতার’ নামে চাঁদাবাজিকে কার্যত বৈধতা দেওয়ার মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, “চাঁদাবাজি একটি ফৌজদারি অপরাধ। একজন দায়িত্বশীল মন্ত্রীর এমন বক্তব্য রাষ্ট্রের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে এবং অপরাধীদের উৎসাহিত করতে পারে।”
তিনি আরও বলেন, সরকারের দায়িত্ব হলো চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা। কোনো অবস্থাতেই অপরাধকে ‘সমঝোতার’ নামে আড়াল করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
দলটির পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানানো হয়, মন্ত্রী শেখ রবিউল আলমের উক্তি প্রত্যাহার এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য পরিহার করতে হবে। পাশাপাশি চাঁদাবাজি প্রতিরোধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ ও তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া জুবায়ের দেশবাসীকে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।