স্বাধীনতার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন সামনে: মুফতি ফয়জুল করীম
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৬:১৭ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, স্বাধীনতার পর আগামী নির্বাচন জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে নতুন ন্যায়ভিত্তিক রাজনীতির লড়াই নির্ধারণ করবে।
রোববার পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রাথমিকভাবে মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের দিনব্যাপী কর্মশালার দ্বিতীয় দফা উদ্বোধন করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম বলেন, “এই নির্বাচন হবে চাঁদাবাজি, সন্ত্রাস, পেশিশক্তি ও কালোটাকার প্রভাবমুক্ত নতুন রাজনীতির সূচনা। আমাদের লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।”
তিনি আরও বলেন, “আগামী নির্বাচন হবে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের নির্বাচন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি প্রার্থীকে দলের নির্দেশনা মেনে ভোটারদের দুয়ারে দুয়ারে যেতে হবে, তাদের আস্থা অর্জন করতে হবে।”
ফয়জুল করীম জানান, তাদের দল তিনশ আসনেই প্রার্থী দিয়েছে। রাজনৈতিক সমঝোতা বা বোঝাপড়া সময়মতো হতে পারে, তবে তারা জয়ের জন্যই লড়াই করবে। তিনি বলেন, “সংগঠনকে শক্তিশালী করতে হবে, মানুষের দুঃখ-দুর্দশার পাশে থাকতে হবে, তাদের প্রকৃত আপনজন হয়ে উঠতে হবে।”
রাসুল (সা.)-এর জীবনের উদাহরণ টেনে তিনি বলেন, “আমাদের রাজনীতি হবে নবুওয়াত-পূর্ব সেই মানবিক কর্মকৌশল, যা হজরত খাদিজা (রা.) উল্লেখ করেছিলেন—অসহায়কে সাহায্য করা, মেহমানদারী করা ও দুর্দশাগ্রস্তের পাশে থাকা।”
কর্মশালায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। এতে নির্বাচন পরিচালনা, প্রচারণা, গণসংযোগ ও স্মার্ট ক্যাম্পেইন কৌশল নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় নেতারা।