ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: জামায়াত আমির
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পিএম
সরকারি দল স্ববিরোধী অবস্থান নিয়ে জাতির মধ্যে আস্থাহীনতা তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, এই সংসদ ও নির্বাচন নিয়ে নানা প্রশ্ন রয়েছে। তার দাবি অনুযায়ী, নির্বাচনী প্রকৌশলের বিষয়ে অন্তত দুইজন রাজসাক্ষী পাওয়া গেছে—যাদের একজন সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য এবং অন্যজন বর্তমান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় সংসদ ভবন থেকে ওয়াকআউটের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রীর মন্তব্যের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, ওই প্রতিমন্ত্রী বলেছেন আন্দোলনে ছাত্রদের পাশাপাশি তারাও ছিলেন। তবে তিনি আরও উল্লেখ করেন, ক্যাপ্টেনের হাতে প্রফেসর ইউনূস লন্ডনে গিয়ে একটি ট্রফি তুলে দিয়েছেন। শফিকুর রহমান প্রশ্ন তুলে বলেন, যদি ট্রফিই সেখানে দেওয়া হয়ে থাকে, তাহলে নির্বাচনের অর্থ কী থাকে? তার মতে, এভাবে পর্দার আড়ালে সিদ্ধান্ত নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করা হয়েছে।
তিনি আরও বলেন, জনগণের অধিকারের প্রশ্নে তাদের অবস্থান অটল থাকবে এবং কোনো ধরনের আপস করা হবে না। এটি জনগণের অধিকার আদায়ের লড়াই বলে তিনি মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, জনগণের গণরায় ও গণভোটের রায় বাস্তবায়িত হলেই সব সমস্যার সমাধানের পথ খুলে যাবে বলে তারা মনে করেন। সংসদে ন্যায়বিচার না পাওয়ার কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, জনগণের কাছ থেকে তারা ন্যায়বিচার পাবেন।
তিনি আরও দাবি করেন, জনগণকে সঙ্গে নিয়েই তারা তাদের দাবি আদায় করবেন। তার মতে, প্রায় সত্তর শতাংশ মানুষের রায় উপেক্ষা করা মানে গণতন্ত্র ও জনগণকে অবমাননা করা।