কুষ্টিয়া সরকারি কলেজে অবরুদ্ধ আমির হামজা
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৭:৪৭ পিএম
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর ইউনিট সদস্য মাওলানা মুফতি আমির হামজাকে কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে তিনি প্রধান অতিথি হিসেবে কলেজ মাঠে একটি আন্তঃবিভাগীয় মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে যান। এ সময় শিক্ষার্থীদের একটি অংশ তাকে ঘিরে বিক্ষোভ শুরু করে এবং ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে বলে জানা যায়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজের অধ্যক্ষ তাকে নিজের কার্যালয়ে নিয়ে যান। পরে সেখানেও শিক্ষার্থীদের একটি অংশ গিয়ে আবারও বিক্ষোভ ও স্লোগান দেয়।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের সহায়তায় মাওলানা মুফতি আমির হামজা কলেজ এলাকা ত্যাগ করেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর জানান, তাকে অবরুদ্ধ করার বিষয়টি নিশ্চিত নয় এবং তিনি অধ্যক্ষের সঙ্গে আলোচনায় ছিলেন।