যে এলাকার নেতা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী নন, সে এলাকায় কি উন্নয়ন হবে না: গোলাম পরওয়ার
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৮:০২ পিএম
রাজধানী ঢাকার কাকরাইলে এক অনুষ্ঠানে দেশের উন্নয়ন বণ্টন নিয়ে সরকারের নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার সকালে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ প্রশ্ন তোলেন।
তিনি বলেন, যেসব এলাকায় ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের অবস্থান রয়েছে, সেসব এলাকায় তুলনামূলকভাবে বেশি উন্নয়ন দেখা যায়। কিন্তু যেসব এলাকার নেতা প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী নন, সেখানে উন্নয়নের গতি অনেক কম—এমন পরিস্থিতি কেন তৈরি হয়েছে, তা নিয়েও তিনি প্রশ্ন রাখেন।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দেশে বৈষম্যবিরোধী আন্দোলনের পরও যদি নতুন করে বৈষম্য তৈরি হয়, তাহলে তা জনগণের প্রত্যাশার পরিপন্থী। তিনি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান জানান।
তিনি ট্রেড ইউনিয়ন কার্যক্রম সংকুচিত করে শ্রমিকদের অধিকার খর্ব করাকে গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন। তার মতে, সব ক্ষেত্রে জনগণের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং কোনো বিদেশি চাপ বা প্রেসক্রিপশনে দেশ পরিচালিত হওয়া উচিত নয়।
এছাড়া তিনি রেলওয়ে খাতের দুর্নীতি নিয়েও সমালোচনা করেন। তার দাবি, দুর্নীতির কারণে দেশের রেল যোগাযোগ খাতে প্রত্যাশিত উন্নয়ন হচ্ছে না, যদিও বিশ্বব্যাপী রেল ব্যবস্থায় দ্রুত অগ্রগতি ঘটছে।