জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করছে সরকার: নাহিদ ইসলাম
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:৩৮ পিএম
জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার প্রশ্নে সরকারের বিরুদ্ধে ছলচাতুরী ও টালবাহানার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে সরকার সময়ক্ষেপণ করছে এবং বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা ও সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে সাংবিধানিক সংস্কার নিশ্চিত করার দাবি জানান তিনি।
তিনি বলেন, গণভোটের নির্দেশনা অনুযায়ী দ্রুত সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠন করা প্রয়োজন। এ বিষয়ে কোনো ধরনের ছলচাতুরী দেশের জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে দলটির শীর্ষ নেতারা গণভোটের পক্ষে অবস্থান নিলেও এখন ক্ষমতায় এসে তার বিরোধিতা করছে। এর মাধ্যমে জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সরকারকে সতর্ক করে তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে শান্তিপূর্ণ কর্মসূচি ও আলোচনা অব্যাহত থাকবে। এরপরও সরকার ইতিবাচক সাড়া না দিলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন ও সারোয়ার তুষার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ, তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।