আইসিইউতে খালেদা জিয়া, দেশবাসীর কাছে চেয়েছেন দোয়া

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১১:২৮ পিএম

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আইসিইউতে রাখা হয়েছে। তার চিকিৎসক দলের সূত্র জানিয়েছে, হৃদ্‌যন্ত্রের আগের সমস্যার সঙ্গে নতুন করে ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় তার শ্বাসকষ্ট বেড়ে গেছে। পরিস্থিতি জটিল হওয়ায় চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, আজও বোর্ডের বৈঠক হয়েছে এবং খালেদা জিয়ার বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আগামী অন্তত ২৪ ঘণ্টা তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানান তিনি।

এদিকে বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ড অত্যন্ত সতর্কতার সঙ্গে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছে। তিনি আরও জানান, খালেদা জিয়া নিজেও দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন।

গতকাল রবিবার (২৩ নভেম্বর) রাত আটটার দিকে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে জরুরি ভিত্তিতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

মেডিকেল বোর্ডের আরেক সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার বুকে সংক্রমণ দেখা দিয়েছে, যার প্রভাব হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে ছড়িয়ে পড়েছে। হাসপাতালে নেওয়ার পর দ্রুত পরীক্ষা-নিরীক্ষা শেষে অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495