লটারির সরকার লটারি করবে এটাই স্বাভাবিক: নিলোফার চৌধুরী মনি
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম
বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি বলেছেন, “লটারির সরকার লটারি করবে এটাই স্বাভাবিক। এই সরকারের অনেকেই দুই দিন আগেও জানতেন না তারা সরকারের অংশ হতে যাচ্ছেন। গণ-অভ্যুত্থান শেষের দিকে কেউ কেউ দায়িত্ব নিয়েছে। আর যিনি প্রধান, তিনি দেশেও ছিলেন না। অন্য দেশে খেলাধুলায় ব্যস্ত ছিলেন, দেশের অলিম্পিক বা অন্য কোনো বিষয় নিয়েই মনোযোগী ছিলেন।”
সম্প্রতি এক টেলিভিশন টক শোতে তিনি এসব কথা বলেন।
নিলোফার চৌধুরী মনি বলেন, “এ ধরনের লটারির সরকার এতদিন দায়িত্বে থাকা স্বাভাবিক। প্রশাসন যদি নিরপেক্ষ না থাকে, তবে নির্বাচন কখনোই সমান সুযোগের মাটিতে অনুষ্ঠিত হয় না। দুই-তিন বছর আগে থেকেই ফ্যাসিস্ট সরকার প্রশাসনের ১৪ জনকে পরীক্ষা করত যে তারা অন্য কোনো দলের সাথে যুক্ত কিনা। পিওর আওয়ামী লীগ সদস্যদেরকে প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা এখনো দাপটে দায়িত্ব পালন করছেন।”
তিনি আরও বলেন, “এদেরকে লটারি দিয়ে কোথায় পাঠাবেন? তিনজনের মধ্যে যদি লটারি একই কোয়ালিটি অনুযায়ী হয়, একই যোগ্যতা থাকে, একই দলের হয়ে থাকে, তখন কাকে কোথায় পাঠানো হবে? এটা একটা লটারি ছাড়া সম্ভব নয়। নির্বাচন কতটা নিরপেক্ষ হবে, তা নির্ভর করবে যে এলাকায় তারা দায়িত্ব পালন করবে সেই এলাকার প্রার্থীরা কতটা তাদের ওপর নির্ভরশীল।”
নিলোফার চৌধুরী আরও উল্লেখ করেন, “দুই দিন আগে যে ডিসিগুলোকে ট্রান্সফার করা হয়েছে, তাদের অনেকের অভিজ্ঞতা নেই। ডিসি পদে দায়িত্ব পালনের জন্য যা যা প্রয়োজন, তা তাদের নেই। এখন তাদের কোথায় পাঠানো হবে, লটারি করা ছাড়া কি করা যাবে?”