উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে, প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৬:২১ পিএম
সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। চিকিৎসকরা গ্রিন সিগন্যাল দিলেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছে দলীয় ও পারিবারিক সূত্র।
পরিবারের সদস্য ও বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, চলতি বছরে লন্ডনের যে হাসপাতালে তার চিকিৎসা হয়েছিল, একই হাসপাতালে আবার নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। দেশে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত যোগাযোগও বজায় রাখছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই পরিবারের পক্ষ থেকে তাকে লন্ডনে নেওয়া হবে। ইতোমধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কাতার সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে ড. মাহদী আমিন লেখেন, “লন্ডনের যে হাসপাতাল ও চিকিৎসকদের অধীনে চার মাস চিকিৎসা নিয়ে তিনি অনেকটা সুস্থ হয়েছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ করেছেন তারেক রহমান ও তার স্ত্রী।”
উল্লেখ্য, নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণের কারণে তিনি এখন সিসিইউতে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।
এর আগে গত ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম জিয়া। প্রায় চার মাস চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। তবে এভারকেয়ার হাসপাতালে সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষা করতে যাওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়।