জেলে থাকা অবস্থায় খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল: মির্জা আব্বাস

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১০:১৩ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিকে স্বাভাবিক নয় বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি অভিযোগ করেছেন, জেলবন্দি অবস্থায় খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করা হয়েছিল।

শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত রূপসী বাংলা আলোকচিত্রী প্রদর্শনী ও প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে মির্জা আব্বাস এসব কথা বলেন।

তিনি বলেন, “জাতির প্রতি অনুরোধ, প্রতিটি বাড়িতে এবং প্রতিটি মানুষ যেন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেন। আমি নিজে দেখেছি, জেলবন্দি অবস্থায় তার ওপর যে অত্যাচার হয়েছে, তার মধ্যে স্লো পয়জনিং অন্যতম। তার বর্তমান অসুস্থতা মোটেও স্বাভাবিক নয়।”

মির্জা আব্বাস আরও জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যে সামান্য উন্নতি হয়েছে, তবে সংকট এখনও কাটেনি। তাই দেশবাসীর কাছে তিনি নেত্রীর দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।

এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থার খবর শুনে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশবাসীর কাছে তার জন্য দোয়া চান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ প্রকাশ করে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

উল্লেখ্য, ২৩ নভেম্বর মেডিকেল বোর্ডের পরামর্শে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা করে দেখা যায়, তার বুকে সংক্রমণ রয়েছে যা ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়েছে, এবং হৃদরোগের সঙ্গে এটি শ্বাসকষ্ট বাড়াচ্ছে। বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা সিসিইউতে তার চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495