নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ এএম

ছবি: সংগৃহীত

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে বার্তা পাঠিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি।

সোমবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ পোস্ট করে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নরেন্দ্র মোদি। তিনি লেখেন, খালেদা জিয়ার অসুস্থতার খবর জানতে পেরে গভীরভাবে উদ্বিগ্ন হয়েছি। বাংলাদেশের গণজীবনে তার দীর্ঘ অবদান রয়েছে। তার দ্রুত আরোগ্য কামনায় ভারতের পক্ষ থেকে আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। প্রয়োজনে যেকোনো সহায়তা দিতেও ভারত প্রস্তুত।

মোদির বার্তার পর বিএনপির অফিসিয়াল এক্স–অ্যাকাউন্টে কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভারতের প্রধানমন্ত্রীর বার্তা অত্যন্ত মূল্যবান। তার এই সদিচ্ছা এবং প্রয়োজন হলে সহায়তার প্রস্তাবের জন্য বিএনপি গভীরভাবে কৃতজ্ঞ।

৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। শুরুতে ফুসফুসে সংক্রমণ থাকলেও পরবর্তীতে শারীরিক জটিলতা বাড়তে থাকে। বর্তমানে তিনি করোনারি কেয়ার ইউনিটে জীবনরক্ষাকারী চিকিৎসার আওতায় আছেন। দেশি–বিদেশি বিশেষজ্ঞরা তার চিকিৎসায় সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন।

বিএনপি নেতারা জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। দলের ভাইস–চেয়ারম্যান আহমেদ আযম খান বলেন, চিকিৎসকেরা সব ধরনের চিকিৎসা প্রয়োগ করেছেন, কিন্তু অবস্থার উন্নতি হয়নি। তিনি বলেন, “উনি খুব সংকটাপন্ন অবস্থায় আছেন, এখন শুধু জাতির কাছে দোয়া চাওয়াই ভরসা।”

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানান, দেশি–বিদেশি চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে খালেদা জিয়ার অবস্থা এখনও অত্যন্ত জটিল।

লিভার, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও চোখের দীর্ঘমেয়াদি সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য চার মাস লন্ডনে থাকার পর তিনি চলতি বছরের ৬ মে দেশে ফেরেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495