‘বেইমান’ আখ্যা পাওয়া বরিশালের ১২ নেতাকে দলে ফেরাল বিএনপি
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ‘বেইমান’ আখ্যা দিয়ে স্থায়ীভাবে বহিষ্কৃত আরও ১২ নেতাকে পুনরায় দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি।
শুক্রবার (৯ জানুয়ারি) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর মাধ্যমে সিটি নির্বাচনের সময় বহিষ্কৃত ১৯ নেতার মধ্যে মোট ১৫ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।
দলে ফেরানো নেতাদের মধ্যে রয়েছেন—বরিশাল সিটির সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে ও ২০২৩ সালের সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী কামরুল আহসান রুপনসহ মহানগর ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং মহিলা দলের সাবেক নেতারা। এদের অনেকেই সাবেক কাউন্সিলার ও গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে দায়িত্বে ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অতীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডের দায়ে তাদের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ৯ জানুয়ারি থেকে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় ওই ১২ জনসহ মোট ১৯ নেতাকে বিএনপি স্থায়ীভাবে বহিষ্কার করেছিল। সে সময় দলীয় বিবৃতিতে তাদের ‘বেইমান’, ‘বিশ্বাসঘাতক’ ও ‘মীর জাফর’ হিসেবে আখ্যায়িত করা হয় এবং বলা হয়—তারা গণতন্ত্রকামী জনগণের প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।
এর আগে গত ৭ জানুয়ারি মহানগর বিএনপির সাবেক তিন যুগ্ম আহ্বায়ক শাহ আমিনুল ইসলাম, হাবিবুর রহমান টিপু ও হারুন অর রশিদের বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়।
এদিকে বিএনপির একাধিক নেতাকর্মীর অভিযোগ, বিতর্কিত ওই সিটি নির্বাচনে অংশ নিয়ে বহিষ্কৃত নেতারা তৎকালীন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিলেন।