ধানের শীষের পক্ষে প্রকাশ্যে ভোট কাটার ঘোষণা বিএনপি নেতার, ভিডিও ভাইরাল
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৩২ পিএম
কুমিল্লার তিতাস উপজেলায় প্রকাশ্যে ভোট কাটার ঘোষণা দিয়েছেন বিএনপির এক ইউনিয়ন নেতা। তিতাস উপজেলার ৯ নম্বর মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মিন্টু ধানের শীষের পক্ষে হাজার হাজার ভোট নিশ্চিত করার দাবি করেন। তার দেওয়া বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার বিকেলে দুধঘাটা সরকার বাজারে মজিদপুর ইউনিয়ন বিএনপির ১ ও ২ নম্বর ওয়ার্ড কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের প্রস্তুতি সভায় তিনি এ বক্তব্য দেন। প্রায় ৩ মিনিট ৫৮ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে প্রকাশ্যে ভোট কাটার সক্ষমতার কথা বলতে শোনা যায়।
ভিডিও বক্তব্যে মাজেদুল ইসলাম মিন্টু বলেন, ইউনিয়নের সভাপতি যিনি হতে পারেন, তার ২৮-২৯ হাজার ভোট প্রভাবিত করার ক্ষমতাও থাকে। তিনি দাবি করেন, মজিদপুর ইউনিয়নে ধানের শীষকে শতভাগ ভোটে পাস করানো হবে। তার ভাষ্য অনুযায়ী, ধানের শীষ কোনো ব্যক্তির নয়, বরং এটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতীক।
তিনি আরও বলেন, মাঠে স্বতন্ত্র বা অন্য কোনো পক্ষ নামার সুযোগ নেই এবং ২২ তারিখের পর পরিস্থিতি আরও পরিষ্কার হবে বলেও মন্তব্য করেন। বক্তব্যে রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ করে কঠোর ভাষাও ব্যবহার করতে শোনা যায় তাকে।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার বেপারী ও মো. আশরাফুল আলম, মজিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. হেলাল ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইদুল ইসলাম সরকার বিজয় ও সাধারণ সম্পাদক তন্ময় হাসান কাজলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।