মুন্সিগঞ্জে ভাড়া বাসা থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০১:৫৪ এএম

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি ভাড়া বাসা থেকে এক নারী ও তার শিশুকন্যার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ রাজানগর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, মা ও মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন আমেনা বেগম (৩২) ও তার মেয়ে মরিয়ম আক্তার (৮)। আমেনা বেগম তার স্বামী মিজান মিয়া ও মেয়েকে নিয়ে দক্ষিণ রাজানগরের নুরুজ্জামান সরকারের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে পরিবারটি ওই এলাকায় বসবাস শুরু করে। আমেনা ও তার স্বামী মিজান মিয়ার মধ্যে প্রায়ই পারিবারিক কলহ ও ঝগড়া হতো বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

সোমবার সকাল থেকে আমেনা বেগমের ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেলে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের মেঝেতে আমেনা বেগম ও তার মেয়ে মরিয়ম আক্তারের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বেলা একটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা দুইটার দিকে মরদেহ দুটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি লাঠিও জব্দ করা হয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হান্নান জানান, ঘটনার পর থেকে নিহত আমেনা বেগমের স্বামী মিজান মিয়া পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং এতে মিজান মিয়া জড়িত থাকতে পারেন।

তিনি আরও জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495