জুনায়েদের খেজুর গাছ ছেড়ে রুমিনের হাঁসের প্রচার করায় ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি জোট মনোনীত প্রার্থীকে বাদ দিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় যুক্ত থাকার অভিযোগে ছাত্রদলের সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে। খেজুর গাছ প্রতীকের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে হাঁস প্রতীকের প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে কাজ করায় তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

বহিষ্কৃত নেতারা হলেন—সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ মিয়া, সরাইল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক আল আমিন, চুন্টা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. আল আমিন, সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম এবং শাহজাদাপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শেখ রমজান।

শুক্রবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি জোট মনোনীত প্রার্থীকে বাদ দিয়ে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে নির্বাচনি কর্মকাণ্ডে যুক্ত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাদের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে একই অভিযোগে সরাইল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, উপজেলা শ্রমিক দলের সভাপতি, উপজেলা যুবদলের সদস্যসচিবসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধেও বহিষ্কার ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয়েছে।

উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জামাল হোসেন লস্কর বলেন, দলীয় শৃঙ্খলা অনুযায়ী বিএনপি জোট মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করা বাধ্যতামূলক। কিন্তু বহিষ্কৃত নেতারা দলীয় নির্দেশনা উপেক্ষা করে বহিষ্কৃত প্রার্থীর পক্ষে সক্রিয় ছিলেন—এমন অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ থেকেই ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে নির্বাচনী মাঠে সক্রিয় ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি একাদশ সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং দলের আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদকের দায়িত্ব পালন করেন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত ৩০ ডিসেম্বর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495