২০ টাকার চাঁদা বেড়ে ২০০ টাকা, মহাসড়ক অবরোধ চালকদের
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ পিএম
চাঁদা বৃদ্ধির প্রতিবাদে সিএনজিচালিত অটোরিকশাচালকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। রোববার সকালে ত্রিশাল উপজেলার বদরুল ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
চালকদের অভিযোগ, আগে ‘জিপি’ নামে প্রতিদিন ২০ টাকা চাঁদা দিতে হলেও বর্তমানে তা বাড়িয়ে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। অতিরিক্ত চাঁদা আদায় বন্ধ এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তারা। তাঁদের ভাষ্য, ত্রিশালের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অন্তত ২০টির বেশি স্থানে স্লিপের মাধ্যমে নিয়মিত চাঁদা তোলা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দরিরামপুর বাসস্ট্যান্ড, পোস্ট অফিস মোড়, ব্র্যাক অফিস মোড়, বালিপাড়া বালুর মোড়, গোহাটা মোড়, বৈলর মোড় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বাইপাসসহ বিভিন্ন স্থানে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।
পরে সংশ্লিষ্ট কর্মকর্তার আশ্বাসে আন্দোলনরত চালকেরা অবরোধ প্রত্যাহার করেন। তিনি জানান, সড়কে চাঁদাবাজি বরদাশত করা হবে না এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।