মানিকগঞ্জে পুলিশ সদস্যদের হেনস্তা, বিএনপির ৩৯ নেতাকর্মীর নামে মামলা
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১২:২৬ পিএম
মানিকগঞ্জের ঘিওর থানার ভেতরে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ঝামলার ঘটনায় বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে এএসআই রফিকুল ইসলাম ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
আসামিরা সবাই মানিকগঞ্জ-১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী এবং প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আকবর হোসেন বাবলুর অনুসারী। প্রধান আসামিদের মধ্যে রয়েছেন মীর কাওসার, খন্দকার বিল্টু, খন্দকার সেলিম জিএস, উজ্জল হোসেন, হারেজ মিয়া, রফিকুল ইসলাম পিন্টু, রাজু খন্দকার, শহিদুল ইসলাম চান্দু ও শফিউল আলম বিল্টু।
মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় খন্দকার আকবর হোসেন বাবলু একটি মাইক্রোবাস ও ১০-১২টি মোটরসাইকেল নিয়ে ঘিওর থানায় প্রবেশ করেন। প্রথমে দায়িত্বরত নারী কনস্টেবল আন্না আক্তার বাধা দেন। এরপর অভিযোগ অনুযায়ী, নেতাকর্মীরা কনস্টেবল ও এএসআই রফিকুল ইসলামকে গালাগাল এবং শারীরিক হেনস্তা করেছেন। খবর পেয়ে পুলিশরা এগিয়ে আসলেও, আসামিরা হুমকি দিয়ে চলে যান।
মামলার বাদি এএসআই রফিকুল ইসলাম বলেন, একজন পুলিশের সঙ্গে এমন আচরণ কষ্টজনক ও লজ্জাজনক। ঘিওর থানার ওসি কহিনুর ইসলাম জানিয়েছেন, গ্রেফতারের চেষ্টা চলছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি তদারকি করছেন।
অন্যদিকে বিএনপির খন্দকার আকবর হোসেন বাবলু দাবি করেছেন, পুলিশই নেতাকর্মীদের সঙ্গে খারাপ আচরণ করেছে এবং গালাগাল বা হেনস্তার ঘটনা ঘটেনি।