নারায়ণগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে যুবক নিহত, মোটরসাইকেলে আগুন
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৭:৪৩ পিএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের চেষ্টার সময় স্থানীয় জনতার গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
রোববার (৮ মার্চ) ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক সড়কের জালকুঁড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোর প্রায় ছয়টার দিকে একটি মোটরসাইকেলে করে তিন যুবক এসে এক পথচারীকে আটকে তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পথচারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের ধাওয়া দেয়। ধাওয়ার একপর্যায়ে একজনকে হাতেনাতে ধরে গণপিটুনি দিলে বাকি দুইজন মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে উত্তেজিত জনতা ঘটনাস্থলে পড়ে থাকা মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গণপিটুনিতে আহত যুবককে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে নিহত যুবকের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বারিক জানান, পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়দের গণপিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।