ব্রাহ্মণবাড়িয়ায় চোরাচালান ঘিরে গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৯:৪৫ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় চোরাচালানকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, ভারত থেকে চোরাই পণ্য নিয়ে সীমান্ত অতিক্রম করার সময় খাদলা বিজিবি ক্যাম্পের গোয়েন্দা শাখার একজন সদস্য কয়েকজন চোরাকারবারিকে ধাওয়া করেন। ধাওয়ার একপর্যায়ে এক চোরাকারবারি মাটিতে পড়ে গুরুতর আহত হন এবং তার একটি পা ভেঙে যায়।
এ ঘটনার পর স্থানীয় কিছু গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে ওই বিজিবি সদস্যের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় তিনি পাশের একটি গ্রাম পুলিশের বাড়িতে আশ্রয় নেন।
পরে খাদলা বিজিবি ক্যাম্প থেকে আরও বিজিবি সদস্য ঘটনাস্থলে পৌঁছালে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিজিবি সদস্যরা অস্ত্র তাক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ওই সদস্যকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, চোরাই পণ্য বহনের সময় ধাওয়া করতে গিয়ে এক চোরাকারবারি পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। এরপর গ্রামবাসী ওই বিজিবি সদস্যের ওপর হামলা চালায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অস্ত্র প্রস্তুত রাখা হলেও গুলি করা হয়নি।
তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।