সাভারের সেই কুখ্যাত ‘সিরিয়াল কিলার’ সম্রাট মারা গেছেন

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৯:০০ পিএম

ছবি: সংগৃহীত

সাভারের আলোচিত ও কুখ্যাত সিরিয়াল হত্যাকারী মশিউর রহমান খান সম্রাট, যাকে সাইকো সম্রাট ও সবুজ শেখ নামেও ডাকা হতো, মারা গেছেন।

সোমবার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় হার্ট স্ট্রোকজনিত কারণে সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক মো. হেলাল উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

চলতি বছরের ১৮ জানুয়ারি দুপুরে সাভার থানা রোডের পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলা থেকে দুটি মরদেহ উদ্ধার হয়। এর আগে একই ভবন থেকে আরও তিনটি মরদেহ এবং সাভার মডেল মসজিদের সামনে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। পুলিশ সিসিটিভি ফুটেজে দেখেছে, সম্রাট নিজ কাঁধে করে মরদেহ নিচতলা থেকে দ্বিতীয় তলায় নিয়ে যাচ্ছিল।

পরে তদন্তে নিশ্চিত হয়, ভিডিওতে দেখা নারীকে সে হত্যা করে মরদেহ পুড়িয়ে দিয়েছে। জিজ্ঞাসাবাদে সে ধারাবাহিকভাবে ছয়টি হত্যার কথা স্বীকার করে। ১৯ জানুয়ারি আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়।

সবুজ শেখের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নের মোছামান্দা গ্রামে। ২০১৪ সালে সাভারের তেঁতুলঝরা ইউনিয়নে প্রথম হত্যাকাণ্ডের মাধ্যমে অপরাধজগতে প্রবেশ করেন। সে গ্রেপ্তার হওয়া ও জামিনে মুক্তি পাওয়া সত্ত্বেও ধারাবাহিকভাবে হত্যাকাণ্ড ঘটাতে থাকেন। তার বিরুদ্ধে মোট সাতটি হত্যা ও দুটি মাদক মামলা বিচারাধীন ছিল।

পুলিশের তদন্তে জানা যায়, ২০২৫ সালের মধ্যে তিনি সাভার মডেল মসজিদের সামনে আসমা বেগম নামে একজন বৃদ্ধাকে হত্যা করেন, পরে পরিত্যক্ত ভবনে এক যুবক ও দুই নারীকে হত্যা এবং মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনা ঘটান। এই ধারাবাহিক হত্যার মধ্যে তানিয়া আক্তারের ঘটনা সবচেয়ে হৃদয়বিদারক ছিল।

সোমবার তার মৃত্যু সংবাদ শুনে তানিয়ার মা জুলেখা বেগম ও বোন নাসরিন আক্তার ফারিয়া সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে স্বস্তি প্রকাশ করেছেন।

পুলিশ পরিদর্শক মো. হেলাল উদ্দিন জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ যাচাই-বাছাই করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495