রাজিবপুরে গুদামে তেল মজুদ, এসিল্যান্ডের উপস্থিতিতে ১১৮ টাকায় বিক্রি
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৯:০৯ পিএম
কুড়িগ্রামের রাজিবপুরে গুদামে অবৈধভাবে তেল মজুদের অভিযোগে অভিযান চালিয়ে তা উদ্ধার করেছে ছাত্রদল নেতাকর্মীরা। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে জব্দকৃত তেল সরকারি নির্ধারিত দামে বিক্রির ব্যবস্থা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজিবপুর উপজেলার ‘ভাই ভাই ভ্যারাইটিস স্টোর’-এ অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ তেল মজুদ করে রাখা হয়েছিল। এমন অভিযোগের ভিত্তিতে ছাত্রদল নেতাকর্মীরা সেখানে অভিযান চালিয়ে গুদামে রাখা তেলের মজুদ শনাক্ত করেন।
ঘটনার খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে জব্দকৃত তেল সাধারণ মানুষের কাছে সরকারি নির্ধারিত মূল্য ১১৮ টাকা দরে বিক্রির ব্যবস্থা করা হয়।
এ সময় তেল কিনতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। নির্ধারিত দামে তেল পেয়ে তাদের মধ্যে স্বস্তি ফিরে আসে। অনেকেই প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
তবে এলাকাবাসী অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিয়ে নিয়মিতই তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছেন। তারা দ্রুত এ ধরনের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে স্থায়ী ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত তদারকি ও কঠোর অভিযান অব্যাহত থাকলে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।