বিদায় অনুষ্ঠানের ৮ ঘণ্টা পর স্কুলের তালাবদ্ধ কক্ষে মিলল নিখোঁজ ছাত্রী
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১২:২৭ পিএম
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান শেষে নিখোঁজ হওয়া ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে প্রায় আট ঘণ্টা পর বিদ্যালয়ের একটি তালাবদ্ধ কক্ষ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিদায় অনুষ্ঠানে অংশ নিতে বিদ্যালয়ে যায় ওই ছাত্রী। অনুষ্ঠান শেষ হলেও সে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময়েও কোনো সন্ধান না পেয়ে সন্ধ্যার দিকে তারা বিদ্যালয়ে গিয়ে খোঁজ নেন।
পরিবারের দাবি, বিদ্যালয়ের দপ্তরির কাছে কক্ষের চাবি চাইলে তিনি প্রথমে তা দিতে অস্বীকৃতি জানান এবং স্কুলে কেউ নেই বলে জানান। এ সময় ছাত্রীর মামার সঙ্গে তার বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে চাবি নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে তৃতীয় তলার একটি কক্ষ খুলে মেয়েটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
ভুক্তভোগীর মামা মো. নাজিম জানান, সকালে স্কুলে যাওয়ার পর থেকেই মেয়েটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বিদ্যালয়ের কক্ষ খুলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তখন সে কথা বলতে পারছিল না। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার খবর পেয়ে জাতীয় জরুরি সেবার মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খাইরুজ্জামান বলেন, বিদায় অনুষ্ঠান শেষে শিক্ষকরা বাড়ি চলে যান। পরে ছাত্রী নিখোঁজের খবর পেয়ে বিদ্যালয়ে এসে খোঁজাখুঁজি চালানো হয়। দপ্তরির কাছ থেকে চাবি নিয়ে তল্লাশি করে তৃতীয় তলার কক্ষ থেকে তাকে উদ্ধার করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, বিদ্যালয়ের নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মেয়েটি একাই একটি কক্ষে প্রবেশ করে কিছু সময় অবস্থান করে এবং পরে বের হয়ে যায়। এরপর তার আর কোনো গতিবিধি শনাক্ত করা যায়নি।
মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো হামলা বা অন্য কারও সম্পৃক্ততার তথ্য মেলেনি। তবে মেয়েটি শারীরিক ব্যথার কথা জানিয়েছে এবং তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত ধর্ষণ বা এ ধরনের কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। কীভাবে ওই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।