জ্বালানি সংকটের মধ্যেই অর্ধশতাধিক গাড়ি নিয়ে ছাত্রদল নেতার শোডাউন, সমালোচনার ঝড়
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০১:২২ এএম
সারাদেশে চলমান জ্বালানি সংকটের মধ্যেই নাটোরের গুরুদাসপুরে অর্ধশতাধিক গাড়ির বিশাল বহর নিয়ে শোডাউন করেছেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিক। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা জানান দিতেই তিনি এ শোডাউনের আয়োজন করেন।
সরকারের জ্বালানি সাশ্রয় নীতির মধ্যে বিপুল পরিমাণ জ্বালানি ব্যবহার করে এমন আয়োজনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
রোববার (১২ এপ্রিল) বিকেলে গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাসুদ রানার নেতৃত্বে প্রায় অর্ধশত হাইয়েস ও প্রাইভেটকারের বহর বের হয়। বহরটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁচকৈড় বাজারে গিয়ে শেষ হয়। এসময় সমর্থকরা বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের অবস্থান জানান দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ রানা দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। নিজের জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তি প্রদর্শনের উদ্দেশ্যেই এ গাড়ি বহরের আয়োজন করা হয়। তবে জ্বালানি সংকটের এই সময়ে এমন আয়োজন নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) নাটোর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ বলেন, সংকটকালে দায়িত্বশীলদের আরও সচেতন হওয়া উচিত ছিল। এমন কর্মকাণ্ড কাণ্ডজ্ঞানহীন এবং এটি অন্যদেরও উৎসাহিত করতে পারে। এ ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে মাসুদ রানা প্রামানিক বলেন, শোডাউনে অংশ নেওয়া গাড়িগুলো আগে থেকেই প্রস্তুত ছিল। ঈদের আগে অনুষ্ঠান করার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। পরে চালকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে এখন আয়োজন করা হয়েছে। অধিকাংশ গাড়িই এলপিজি ও সিএনজি চালিত ছিল বলেও তিনি দাবি করেন।
নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, বিষয়টি তিনি জেনেছেন এবং মাসুদ রানাকে ফোন দিলেও তিনি সাড়া দেননি। বর্তমান জ্বালানি সংকটের সময় এত গাড়ি ব্যবহার করা ঠিক হয়নি বলে তিনি মন্তব্য করেন। বিষয়টি কেন্দ্রকে জানানো হবে এবং প্রয়োজন হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, বৈশ্বিক অস্থিরতার কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকার দেশব্যাপী নানা সাশ্রয়ী পদক্ষেপ নিয়েছে। অফিস সময়সূচি পরিবর্তন, অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার এবং জ্বালানি ব্যবহারে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।