জ্বালানি সংকটের মধ্যেই গাড়ি নিয়ে মহড়া, ছাত্রদল থেকে পদ হারালেন মাসুদ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পিএম
দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যেই নাটোরের গুরুদাসপুরে ৫০টি গাড়ির বহর নিয়ে শোডাউন করার ঘটনায় উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিককে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রে এই সিদ্ধান্ত জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে নিজের অবস্থান জানান দিতেই এই শোডাউনের আয়োজন করেন মাসুদ রানা। তার এই ব্যয়বহুল গাড়িবহর নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়। বিশেষ করে এত বিপুল অর্থের উৎস নিয়েও প্রশ্ন ওঠে।
এর আগে রোববার বিকেলে তিনি ৫০টি মাইক্রোবাস ও প্রাইভেটকার নিয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পৌর শহরের চাঁচকৈড় বাজারে শোডাউন শেষ করেন। এতে প্রায় চারশ’ নেতাকর্মী অংশ নেন। পরে সেই শোডাউনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
স্থানীয় সূত্র অনুযায়ী, প্রতিটি গাড়ির ভাড়া কমপক্ষে ৫ হাজার টাকা ধরে পুরো আয়োজনের গাড়ি ভাড়াই প্রায় আড়াই লাখ টাকা। এর সঙ্গে যুক্ত হয় শত শত নেতাকর্মীর আপ্যায়ন খরচ। সব মিলিয়ে বিপুল ব্যয়ের এই আয়োজনের অর্থের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে মাসুদ রানা শোডাউনে ৫০টি যানবাহন অংশ নেওয়ার কথা স্বীকার করলেও অর্থের উৎস নিয়ে কোনো মন্তব্য করেননি। পরে ফেসবুক লাইভে তিনি দাবি করেন, বেশিরভাগ গাড়িই এলপিজি ও সিএনজিচালিত, তাই জ্বালানি সংকটের বিষয়টি এখানে প্রযোজ্য নয়। তবে দলীয় পদ থেকে অব্যাহতি প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করেননি।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে এমন শোডাউন আয়োজন করা হয়েছে। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচার করায় বিষয়টি আরও সমালোচিত হয়।
এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) নাটোর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ বলেন, সংকটের সময়ে এমন ব্যয়বহুল প্রদর্শনী দায়িত্বশীল আচরণ নয় এবং এটি অন্যদেরও উৎসাহিত করতে পারে।
নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে মাসুদ রানা প্রামানিককে অব্যাহতি দেওয়া হয়েছে।