যশোরে তেলপাম্পে সিরিয়াল দেয়া নিয়ে যুবদল-ছাত্রদল সংঘর্ষ, আহত ১০

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পিএম

ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছা উপজেলায় তেলপাম্পে সিরিয়াল দেওয়া নিয়ে যুবদল ও ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে পৌর এলাকার উপজেলা পরিষদ ও থানা সংলগ্ন আর এস ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তেলের সিরিয়ালকে কেন্দ্র করে প্রথমে চৌগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রিয়াদ হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য বাবুর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা দুই পক্ষের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়। এসময় এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে রয়েছেন যুবদল নেতা রিয়াদ, কর্মী শামীম হোসেন (২৭), কাজল (৩৮), টনি (৩৩) এবং ছাত্রদল কর্মী বাবু। আহতদের মধ্যে পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলেও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি বলেন, সংঘর্ষে জড়িতরা দলের কোনো পদধারী নেতা নন, তারা কর্মী। তিনি আরও দাবি করেন, ঘটনাটি ছোট হলেও তা বড় করে দেখা হচ্ছে। অন্যদিকে উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আমিন জানান, এটি দুই পক্ষের ভুল বোঝাবুঝি থেকে সৃষ্টি হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495