চাঁপাইনবাবগঞ্জে তেল নিতে গিয়ে বিএনপি নেতার হাতে মারধরের শিকার পুলিশ সদস্য
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:৩০ এএম
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি পেট্রোল পাম্পে জ্বালানি তেল নিতে গিয়ে পুলিশের এক কনস্টেবল মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার রহনপুর পৌরসভার খয়রাবাদ এলাকায় অবস্থিত রায়হান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
পুলিশের অভিযোগ, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল রায়হান কনস্টেবল শওকত হোসেনকে মারধর করেন। তিনি গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফ হোসেনের ছেলে।
মারধরের শিকার শওকত হোসেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় কর্মরত।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকোমল চন্দ্র দেবনাথ জানান, থানার একটি গাড়ির জন্য জ্বালানি তেল নিতে কনস্টেবল শওকত রায়হান ফিলিং স্টেশনে যান। সেখানে পাম্প কর্তৃপক্ষের কাছে নির্ধারিত স্লিপ জমা দিয়ে অপেক্ষা করছিলেন তিনি। এ সময় আব্দুল্লাহ আল রায়হান এসে তাকে সেখান থেকে চলে যেতে বলেন। কনস্টেবল নিজের পরিচয় দিয়ে তেল দেওয়ার অনুরোধ করলে এক পর্যায়ে রায়হান ক্ষিপ্ত হয়ে তাকে থাপ্পড় মারেন এবং পরে লাঠি দিয়ে আঘাত করেন।
তিনি আরও জানান, কনস্টেবল শওকতের মুখ ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন স্থানীয় ব্যক্তি জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আহত কনস্টেবলকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরে আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
অভিযুক্ত আব্দুল্লাহ আল রায়হান ও তার বাবা আশরাফ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পরপরই আব্দুল্লাহ আল রায়হান পেট্রোল পাম্প এলাকা ত্যাগ করেন।