সিএনজি স্ট্যান্ডে চাঁদা তোলার সময় শ্রমিক দল সভাপতিসহ আটক ২
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৯:১২ পিএম
বরগুনার আমতলী উপজেলায় সিএনজি ও মাহেন্দ্র স্ট্যান্ডে চাঁদা আদায়ের সময় পৌর শ্রমিকদলের সভাপতি মোঃ মিল্টন হাওলাদার ও তার সহযোগী লাইনম্যান সুমনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) দুপুরে আমতলী চৌরাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থলে চলমান চাঁদা আদায় কার্যক্রমও বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে আমতলী চৌরাস্তায় সিএনজি ও মাহেন্দ্র স্ট্যান্ডে নিয়মিত চাঁদা আদায় করে আসছিলেন মিল্টন হাওলাদার। এ নিয়ে গত ৭ মার্চ একই দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। পরে বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ উপজেলার সব স্ট্যান্ডে চাঁদা আদায় বন্ধের নির্দেশ দেন। এরপর প্রায় দেড় মাস চাঁদা আদায় বন্ধ ছিল।
তবে অভিযোগ রয়েছে, গত এপ্রিলের শেষ দিকে পুনরায় চাঁদা আদায় শুরু করেন মিল্টন হাওলাদার। মঙ্গলবার দুপুরে চাঁদা তোলার সময় পুলিশ অভিযান চালিয়ে তাকে ও তার সহযোগী সুমনকে আটক করে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিএনজি ও মাহেন্দ্র চালক জানান, দেড় মাস বন্ধ থাকার পর গত শনিবার থেকে আবারও চাঁদা আদায় শুরু হয়। এতে চালকদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকেই মিল্টন হাওলাদার আরও বেপরোয়া হয়ে ওঠেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দখল বাণিজ্যের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও আমতলী থানার উপ-পরিদর্শক সম্রাট জানান, স্ট্যান্ডে চাঁদা আদায়ের সময় মিল্টন ও সুমনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।