কুড়িগ্রামে এনসিপির আনন্দ মিছিল ও আওয়ামী নাশকতা বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম
নির্বাচন কমিশন কর্তৃক শাপলা কলি প্রতীক বরাদ্দ ও নবগঠিত কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কুড়িগ্রাম জেলা শাখা।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় শহরের কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জুলাই চত্বরে এক সমাবেশে মিলিত হয়।
র্যালিতে নেতা-কর্মীরা শ্লোগান দেন—
“আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই”,
“লকডাউনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন”,
“ফ্যাসিবাদের আস্তানা, এই বাংলায় হবেনা।”
এছাড়া প্রতীক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তারা বলেন,
“সবার মুখে একই বুলি, জিতবে এবার শাপলা কলি,
গ্রাম-শহর, অলিগলি—সবার মার্কা শাপলা কলি।”
সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ।
বক্তব্য রাখেন সদস্য সচিব মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু ও জাতীয় ছাত্র শক্তির জেলা আহ্বায়ক জাহিদ হাসান।
বক্তারা বলেন, “আগামীর বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না। লকডাউন বা শাটডাউনের নামে নাশকতা সৃষ্টি করলে জনগণ তার উপযুক্ত জবাব দেবে। কুড়িগ্রামের মানুষ শান্তিপ্রিয়—কেউ অরাজকতা সৃষ্টি করলে ফল ভালো হবে না।”
তারা আরও বলেন, “কুড়িগ্রাম-২ আসনসহ সারাদেশে শাপলা কলি মার্কার গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ, নতুন বাংলাদেশ গড়ব—যেখানে ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যের স্থান থাকবে না।”
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—জেলা যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, তাজুল ইসলাম, রাজু আহমেদ, হাফিজুর রহমান খান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী সরকার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ, যুগ্ম সদস্য সচিব শাহজাহান আলী সুমন, নাসিরা খন্দকার নিসা, যুব শক্তির জেলা আহ্বায়ক এম. রশীদ আলী, ছাত্র শক্তির সদস্য সচিব সাদিকুর রহমানসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের প্রায় দুই হাজার নেতা-কর্মী।