নারী বিপিএলে দুই দলের নাম চূড়ান্ত, উদ্বোধনী ম্যাচ হবে বগুড়ায়

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৮:১২ পিএম

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত মাসেই সংস্থাটি নারী বিপিএল আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। তিনটি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে আগামী ৪ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শুরুতে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলা আয়োজনের পরিকল্পনা ছিল। তবে নতুন করে ভেন্যুর তালিকায় যুক্ত হয়েছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। জানা গেছে, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচও অনুষ্ঠিত হবে এই মাঠে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের ড্রাফট।

নারী বিপিএলের তিনটি দলে আইকন ক্রিকেটার হিসেবে থাকবেন জাতীয় দলের তিন তারকা ক্রিকেটার। তারা নিজ নিজ দলের নেতৃত্বও দেবেন। আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ লাখ টাকা। এই তালিকায় রয়েছেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি।

এদিকে টুর্নামেন্টের তিনটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে দুটি দলের নাম ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। দল দুটি হলো রাজশাহী ওয়ারিয়র্স এবং চিটাগং পাইরেটস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। এছাড়া রংপুর রাইডার্সও ফ্র্যাঞ্চাইজি কেনার আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495