বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খান
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০১:৪২ এএম
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খানকে দেড় মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১২ এপ্রিল) ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সোমবার (১৩ এপ্রিল) থেকে আগামী ৩০ মে পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। একই সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার ভিত্তিতেই ব্যবস্থাপনা পরিচালককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। সাধারণত কোনো ব্যবস্থাপনা পরিচালককে অপসারণের ক্ষেত্রে ব্যাংকের পরিচালনা পর্ষদ কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেয়। তবে এ ক্ষেত্রে আগে থেকেই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এমডিকে সরানোর বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছিল।
অন্য এক কর্মকর্তা জানান, মো. ওমর ফারুক খান শারীরিক অসুস্থতার কারণে ১৫ দিনের ছুটির আবেদন করেছিলেন, যা ২৮ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে সেই ছুটির সঙ্গে অতিরিক্ত সময় যুক্ত করে তাকে ৩০ মে পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে, যা ১৩ এপ্রিল থেকেই কার্যকর হয়েছে।
তিনি আরও বলেন, এমন সময়ে তাকে ছুটিতে পাঠানো হলো যখন তার নেতৃত্বে ব্যাংকটি ঘুরে দাঁড়াচ্ছিল। গ্রাহকের আস্থা, প্রবাসী আয় ও আমানতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছিল। সাম্প্রতিক সময়ে যখন কিছু ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা কমে গিয়েছিল, তখন ইসলামী ব্যাংকের প্রতি আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন তিনি।
সভায় ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান সভাপতিত্ব করেন। এতে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক এস এম আবদুল হামিদ, ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।