পশ্চিমবঙ্গে বিজেপির প্রার্থী শুভেন্দুকে মাঠের মধ্যে ধাওয়া দিয়ে মারধর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫২ পিএম
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আবারও সহিংসতার ঘটনা ঘটেছে। ভোটের দিন বিভিন্ন জায়গায় সংঘর্ষের খবরের মধ্যে এবার বিজেপির এক প্রার্থীকে ধাওয়া করে মারধরের অভিযোগ উঠেছে।
একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, মাঠের মধ্যে দিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে ধাওয়া করছেন তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। জীবন বাঁচাতে দৌড় দিতে থাকেন তিনি, আর পেছন পেছন ধাওয়া করেন হামলাকারীরা। একপর্যায়ে তাকে ধরে বেধড়ক মারধর করা হয়।
তবে ঘটনাস্থলে একজন পুলিশ সদস্য উপস্থিত থাকায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান শুভেন্দু সরকার। পরে কোনোভাবে সেখান থেকে সরে আসতে সক্ষম হন তিনি। কুমারগঞ্জ এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই বিজেপি প্রার্থী।
ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কুমারগঞ্জের একটি ভোটকেন্দ্রে গোলযোগের খবর পেয়ে সেখানে যান শুভেন্দু সরকার। এরপরই তিনি হামলার শিকার হন।
ঘটনার বিষয়ে শুভেন্দু সরকার জানান, কুমারগঞ্জ আসনের ৮ থেকে ১০ নম্বর বুথে তাদের এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে তিনি নিজে সেখানে যান এবং এজেন্টদের পুনরায় প্রবেশ নিশ্চিত করার চেষ্টা করেন। পরে ২৪ নম্বর বুথে গেলে তার ও তার দলের ওপর হামলা চালানো হয়।
তিনি আরও অভিযোগ করেন, পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টি করতে এই হামলা করা হয়েছে। বুথের ভেতরে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা থাকলেও বাইরে তার সঙ্গে শুধু একজন দেহরক্ষী ছিলেন।
শুভেন্দু সরকার দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকে এমন পরিস্থিতি তৈরি করছেন। একই সঙ্গে তিনি বলেন, এই অঞ্চলে কংগ্রেসও সব আসনে হারতে যাচ্ছে, আর সেই ভীতি থেকেই হামলার ঘটনা ঘটেছে।