শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় ৩ ‘শুটার’ গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ১১:৫৮ এএম
ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে তিনজন পেশাদার ‘শুটার’কে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা। ডিজিটাল লেনদেনের সূত্র, বিশেষ করে ইউপিআইয়ের মাধ্যমে টোল পরিশোধের তথ্য বিশ্লেষণ করেই তাদের অবস্থান শনাক্ত করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে দু’জনকে উত্তরপ্রদেশ এবং একজনকে বিহারের বক্সার এলাকা থেকে আটক করা হয়েছে। পরে তাদের কলকাতায় এনে ভবানীভবনে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়। আগামী সোমবার তাদের বারাসাত আদালতে হাজির করার কথা রয়েছে।
তদন্তকারীদের দাবি, হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়িটি বালি টোলপ্লাজা অতিক্রম করার সময় ইউপিআইয়ের মাধ্যমে টোল পরিশোধ করা হয়। সেই ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই তদন্তের অগ্রগতি ঘটে এবং সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার হওয়া তিনজনই পেশাদার শুটার এবং তাদের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তারা সরাসরি হামলায় অংশ নিয়েছিল নাকি পুরো অপারেশনে সহযোগিতা করেছে, তা এখনো তদন্তাধীন।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অন্তত দেড় মাস আগে থেকেই এই হত্যার পরিকল্পনা করা হয়েছিল। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।
তদন্ত সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত নিসান মাইক্রা গাড়িটি ঝাড়খণ্ডে নিবন্ধিত ছিল। গাড়িটি ঘটনার দিন বালি টোলপ্লাজা হয়ে মধ্যমগ্রামে প্রবেশ করে। সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট এবং ফোনকল রেকর্ডও বিশ্লেষণ করছে তদন্তকারী দল।
গত ৬ মে রাতে মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় গাড়িতে যাওয়ার সময় চন্দ্রনাথ রথের ওপর হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি গাড়ি সামনে এসে থামার পর মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা খুব কাছ থেকে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তদন্তে সিসিটিভি ফুটেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যার মাধ্যমে গাড়ি ও মোটরসাইকেল শনাক্ত করে অভিযানে নামে পুলিশ।
চন্দ্রনাথ রথ ২০১৮ সাল পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীতে প্রায় ১৫ বছর কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি করপোরেট খাতে যুক্ত হন এবং পরে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন।