চার সাংবাদিককে নিয়ে রাতে সিদ্ধান্ত, পুনর্বহালের আশ্বাস এখন টিভি কর্তৃপক্ষের

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৬:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

চার সাংবাদিককে চাকরিতে পুনর্বহালের বিষয়ে আশ্বাস দিয়েছে এখন টিভির মালিকপক্ষ সিটি গ্রুপ। এ বিষয়ে শনিবার রাতে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠকে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (১৬ মে) দুপুরে এখন টিভির সামনে আয়োজিত মানববন্ধনে এ তথ্য জানান ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি।

তিনি বলেন, মালিকপক্ষ থেকে আলোচনার প্রস্তাব এসেছে। রাতেই চার সাংবাদিকের বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে আলোচনা ফলপ্রসূ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

এর আগে গত সোমবার (১১ মে) চার সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো এবং পরে চাকরিচ্যুত করার প্রতিবাদে এখন টিভির সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে ডিইউজে নেতারা। এতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।

কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স, মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি, ঢাকা কলেজ সাংবাদিক সমিতি এবং নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম।

এতে সংহতি জানিয়ে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এসএমএস সাইফ মোস্তাফিজ, গাজী সালাহউদ্দিন তানভীর এবং মিডিয়া সেল সদস্য ইয়াসির আরাফাত। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পরিচালনা করেন সাংবাদিক নেতা খন্দকার আলমগীর হোসেন ও গাজী আনোয়ার।

বক্তারা বলেন, যে পরিবর্তনের জন্য রাজপথে রক্ত ঝরেছে, সেখানে গণমাধ্যমকর্মীদের অধিকার হরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের এভাবে শাস্তি দেওয়া হলে নতুন বাংলাদেশের প্রত্যাশা ব্যাহত হবে।

এ সময় তারা চার সাংবাদিককে দ্রুত পুনর্বহালের দাবি জানান এবং পরিস্থিতি মোকাবিলায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

ডিইউজের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, এখন টিভি কর্তৃপক্ষ ও সিটি গ্রুপের সঙ্গে একাধিক বৈঠক ও স্মারকলিপি দেওয়ার পরও ইতিবাচক সাড়া না পাওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। দ্রুত সাংবাদিকদের কাজে ফিরিয়ে না নিলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।

গত ১৭ ফেব্রুয়ারি এখন টিভির অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জ ও বিশেষ প্রতিনিধি মাহমুদ রাকিব, বিশেষ প্রতিনিধি মুজাহিদ শুভ, সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আজহারুজ্জামান এবং সিনিয়র রিপোর্টার ও ডেপুটি অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জ বেলায়েত হোসেনকে শোকজ করা হয়।

পরে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। অভিযোগ রয়েছে, কোনো সুস্পষ্ট প্রশাসনিক কারণ ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495