ভারত থেকে আসছে ২০০ রেল কোচ, বাড়বে আন্তনগর ট্রেন: রেলপথমন্ত্রী

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পিএম

ছবি: সংগৃহীত

ভারত থেকে ২০০টি ব্রডগেজ রেল কোচ আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। এসব কোচ দেশের রেলওয়ে বহরে যুক্ত হলে আন্তনগর ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ও রুহুল আমিনের পৃথক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে এসব ব্রডগেজ কোচ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে পারে। কোচগুলো হাতে পাওয়ার পর নতুন ট্রেন চালুর জন্য উপযুক্ত রুট নির্ধারণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের অর্থায়নে এই কোচগুলো সংগ্রহ করা হচ্ছে।

সরকারদলীয় সংসদ সদস্য মোশারফ হোসেনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে মোট ৩ হাজার ৪২৮ দশমিক ৯ কিলোমিটার রেলপথ রয়েছে। এর মধ্যে মিটারগেজ ১ হাজার ৫৯১ দশমিক ৪৩ কিলোমিটার, ব্রডগেজ ১ হাজার ৬৬ দশমিক ৬০ কিলোমিটার এবং ডুয়ালগেজ ৭৭০ দশমিক ০৬ কিলোমিটার।

মন্ত্রী আরও জানান, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ব্রডগেজ ও ডুয়ালগেজ রেললাইন সম্প্রসারণের কাজ চলমান রয়েছে, যা দেশের রেল নেটওয়ার্ককে আরও শক্তিশালী করবে।

এদিকে, সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ঢাকা থেকে উত্তরাঞ্চলের জেলাগুলোর সঙ্গে ১৫টি আন্তনগর ট্রেন চলাচল করছে। নতুন কোচগুলো যুক্ত হলে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় আন্তনগর ট্রেনের সংখ্যা আরও বাড়ানো সম্ভব হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495