দায়িত্ব শেষে ৬ মাস ভিভিআইপি থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পিএম
মেয়াদ শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টাকে ছয় মাসের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত ২২ এপ্রিল থেকে কার্যকর করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১’-এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে দায়িত্ব হস্তান্তর বা পদত্যাগের তারিখ থেকে দেশের অভ্যন্তরে সংশ্লিষ্ট ব্যক্তিরা ছয় মাস ভিভিআইপি হিসেবে বিবেচিত হবেন। এ সুবিধা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রধান উপদেষ্টার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
তবে এর পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ১০ ফেব্রুয়ারি জারি করা আগের প্রজ্ঞাপন বহাল রাখা হয়েছে বলেও জানানো হয়েছে।
উক্ত প্রজ্ঞাপনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এক বছরের জন্য ভিভিআইপি ঘোষণা করা হয়েছিল। ফলে তার ক্ষেত্রে পূর্বের সিদ্ধান্তই কার্যকর থাকবে। ভবিষ্যতে যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন, তাদের জন্য নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ছয় মাসের মেয়াদ প্রযোজ্য হবে।