পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৪২ এএম
প্রশাসনে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে ১১৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতিপ্রাপ্ত সবাই বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ রফিকুল হক প্রজ্ঞাপনে সই করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকলে, তিনি বর্তমান কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।
এতে আরও বলা হয়েছে, পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট ক্ষেত্রে এই পদোন্নতি আদেশ প্রয়োজন অনুযায়ী সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে অথবা অনলাইনের মাধ্যমে দাখিল করতে পারবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।