৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১ হাজার ৪৯০ জন

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম

ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে ৪৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার ৪৯০ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চূড়ান্ত সুপারিশের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনটি শুক্রবার জনসমক্ষে প্রকাশ পায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসন ও পুলিশসহ গুরুত্বপূর্ণ ক্যাডার ছাড়াও বিভিন্ন সাধারণ ও কারিগরি ক্যাডারে এই নিয়োগ কার্যকর করা হয়েছে। সর্বোচ্চ ২৪৪ জনকে প্রশাসন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশ ক্যাডারে ৪৮ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ২৯ জন এবং পররাষ্ট্র ক্যাডারে ৯ জন কর্মকর্তা নিয়োগ পেয়েছেন। নবনিযুক্ত এসব কর্মকর্তাকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দায়িত্ব পালন করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত সকল কর্মকর্তাকে আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে নিজ নিজ ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে চাকরিতে যোগদানে অনাগ্রহী হিসেবে গণ্য করা হবে এবং তার নিয়োগ আদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।

এছাড়া নিয়োগ-পরবর্তী সময়ে কোনো প্রার্থীর প্রদত্ত তথ্য অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হলে সরকার সেই নিয়োগ বাতিল বা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। সে সময় ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছিল। তবে সর্বশেষ সরকারি আদেশে ১ হাজার ৪৯০ জনের নিয়োগ নিশ্চিত করা হলো। বাকি প্রার্থীদের বিষয়ে প্রশাসনিক যাচাই-বাছাইসহ অন্যান্য প্রক্রিয়া চলমান থাকায় তাদের নাম এই প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495