ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে: রেলমন্ত্রী

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশের স্বার্থ বিবেচনায় দুই দেশের মধ্যে রেল যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে।

রেল খাতে দীর্ঘসূত্রতা ও সমন্বয়হীনতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিভিন্ন স্থানে রেললাইন নির্মাণ শেষ হলেও ইঞ্জিন ও বগির অভাবে ট্রেন চালু করা যায়নি। কোথাও ইঞ্জিন এসেছে, কিন্তু বগি নেই—এমন অসামঞ্জস্যও রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেল খাতে বিশেষ গুরুত্ব দিয়েছেন উল্লেখ করে মন্ত্রী জানান, দেশে ইঞ্জিন ও বগি উৎপাদনের সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি টেন্ডার প্রক্রিয়ায় সমন্বয় বাড়িয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম-ঢাকা রুটে যাত্রার সময় কমানো, প্রথম ও দ্বিতীয় শ্রেণির যাত্রীসেবার মানোন্নয়ন এবং ঈদ উপলক্ষে অতিরিক্ত টিকিট ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা রয়েছে।

সংবাদ সম্মেলনে সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495