ফ্যামিলি কার্ড না দিয়ে অ্যান্টি চাঁদাবাজি কার্ড দেওয়া হোক: হাসনাত আব্দুল্লাহ

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪১ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের বদলে সাধারণ মানুষকে ‘এন্টি-চাঁদাবাজি’ কার্ড দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ১১-দলীয় জোটের পদযাত্রা ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নির্বাচনের দিনে যারা ভোট কেন্দ্র দখলের চিন্তা করছেন, তারা পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসবেন। কারণ জুলাই যোদ্ধারা বুলেটের সামনে দাঁড়িয়েও পিছপা হয়নি। দখলবাজদের প্রতিহত করতে এনসিপি ও জামায়াত-শিবির যথেষ্ট।”

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ব্যাংক ডাকাত, ঋণখেলাপি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বাংলাদেশের জনগণ মেনে নেবে না। তিনি দিনাজপুর-৫ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ডা. আব্দুল আহাদকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। নির্বাচিত হলে পার্বতীপুরের উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা হবে।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, “নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ থাকত এবং ব্যাংক লুটেরা ও বিদেশি নাগরিকদের প্রার্থিতা বাতিল করত, তাহলে আমরা ইতোমধ্যে ২০টি আসনে জয় লাভ করতাম। এবার বাংলাদেশি মানুষ আর কোনো অতিথি পাখি বা ঋণখেলাপিদের ভোট দেবে না।”

তিনি আরও বলেন, এনসিপির লড়াই চাঁদাবাজি, দুঃশাসন ও আগ্রাসনের বিরুদ্ধে। ব্যাংক ডাকাত, ঋণখেলাপি ও সন্ত্রাসীদের দেশের মানুষ মেনে নেবে না।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495