নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ১১৫ জনের নামে মামলা

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৬:০৪ পিএম

ছবি: সংগৃহীত

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার রাতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করে মামলাটি করেন।

মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহসভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন, সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে নাসীরুদ্দীন পাটওয়ারী, তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খানসহ কয়েকজন আহত হন।

মামলায় আরও বলা হয়, হামলার সময় একটি ডিএসএলআর ক্যামেরা, কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। ছিনতাই হওয়া মালামালের মধ্যে সনি আলফা এ৬৪০০ ক্যামেরা, ট্যামরন লেন্স ও মেমোরি কার্ড ছিল বলে উল্লেখ করা হয়েছে। এসব মালামালের মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে।

এদিকে স্থানীয় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী ও সাধারণ মানুষ এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে মামলায় উল্লেখ করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মামলা দায়েরের পর ঝিনাইদহ সদর থানার প্রধান ফটকের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় তারা ছাত্রদল নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495