বাড়ির ছাদে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে মৌমাছির কামড়ে সমর্থক আহত
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৮:১২ পিএম
ফুটবল বিশ্বকাপকে ঘিরে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে বাড়ির ছাদে দলের পতাকা টাঙাতে গিয়ে মৌমাছির আক্রমণের শিকার হয়ে আহত হয়েছেন এক সমর্থক।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙারচর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৪২)। তিনি ওই এলাকার বাসিন্দা এবং কর্ণফুলী উপজেলা আর্জেন্টিনা ফুটবল সমর্থক ফোরামের সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার চট্টগ্রাম নগরের জলসা মার্কেট থেকে ৫৫০ টাকা দিয়ে ২০ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার একটি পতাকা কিনে আনেন সিরাজুল ইসলাম। আজ সকালে তিনি বাড়ির চারতলা ভবনের সিঁড়ির কার্নিশে পতাকা টাঙাতে ওঠেন। এ সময় হঠাৎ মৌমাছির ঝাঁকের আক্রমণের মুখে পড়েন তিনি। দ্রুত নিচে নেমে এলেও তার বাঁ পায়ের হাঁটু ও পায়ের নিচে মৌমাছির কামড় লাগে।
পরে তাকে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নেওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন, তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।
আহত সিরাজুল ইসলাম বলেন, পতাকা লাগানোর সময় সতর্ক ছিলেন, তবে তারপরও এ দুর্ঘটনা এড়ানো যায়নি। প্রায় ছয় ঘণ্টা পরেও ব্যথা পুরোপুরি কমেনি বলে জানান তিনি।
এদিকে বিশ্বকাপকে ঘিরে কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকেরা বাড়ি, দোকান ও গাছে নিজ নিজ দলের পতাকা টাঙাতে শুরু করেছেন। পাশাপাশি অনেকেই মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিলের প্রস্তুতিও নিচ্ছেন।