ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ০১:১৪ পিএম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার সকালে রাজধানীর কাকরাইল এলাকায় ডিপ্লোমা প্রকৌশলী ইনস্টিটিউটের কাউন্সিল হলে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণের থানা ও বিভাগীয় দায়িত্বশীলদের এক কর্মী সম্মেলনে এ ঘোষণা আসে।
সম্মেলনে সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন বলে দলীয় একাধিক নেতা নিশ্চিত করেছেন। তবে প্রার্থী ঘোষণার পরপরই তিনি এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য করেননি। দলীয় সূত্র জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করা হবে আগামী এক থেকে দুই দিনের মধ্যেই।
দলীয় একটি নির্ভরযোগ্য সূত্র আরও জানায়, নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে সাদিক কায়েম ইতোমধ্যে তার ভোটার এলাকা খাগড়াছড়ি থেকে ঢাকায় স্থানান্তর করেছেন এবং বর্তমানে তিনি ঢাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত। যদিও এখনো প্রকাশ্যে জোরালো নির্বাচনী প্রচারণা শুরু করেননি, তবে নিয়মিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের এক শীর্ষ নেতা জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ—দুই সিটি করপোরেশনের জন্যই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।