দুর্গাপূজায় পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিরোধীদলীয় নেতার
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:১১ এএম
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় পূর্ণ নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি নিজ দলের নেতাকর্মীদেরও হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে সহযোগিতার হাত প্রসারিত করার নির্দেশ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেন, "সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ আমাদের ৫৫ হাজার বর্গমাইলের এই প্রিয় বাংলাদেশ। এখানে অনেক আগে থেকেই আমরা সব সম্প্রদায়ের মানুষ নিজ নিজ রীতিতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছি।"
আসন্ন শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের মানুষ পূর্ণ নিরাপত্তার সঙ্গে তাদের উৎসব পালন করবেন বলে আশা প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। অতীত ঐতিহ্যের আলোকে তারা এবারও যেন নির্বিঘ্নে ও স্বস্তির সঙ্গে পূজা উদ্যাপন করতে পারেন, তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান আরও বলেন, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল ও জনবান্ধব সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজস্ব অবস্থান থেকেও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। এ দেশে বসবাসকারী বিভিন্ন ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন করবেন।
দেশের সচেতন নাগরিক হিসেবে জামায়াতের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখবেন এবং যেকোনো প্রয়োজনে সহযোগিতার হাত প্রসারিত করবেন বলে দলটির পক্ষ থেকে বিবৃতিতে উদাত্ত আহ্বান জানানো হয়।